কোটা আন্দোলনে নিহত আবু সাঈদের নামে যমুনা সেতুর নামকরণ করতে হবে-সাবেক এমপি হারুন

 

আন্দোলনে নিহত আবু সাঈদের নামে যমুনা সেতুর নামকরণ করতে হবে-বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য সাবেক এমপি হারুন

যমুনা  সেতুর নাম পরিবর্তনের দাবি জানিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি হারুনুর রশীদ বলেছেন, কোটা আন্দোলনে নিহত আবু সাঈদের নামে যমুনা সেতুর নামকরণ করতে হবে। একইসঙ্গে আন্দোলনে হতাহতদের মুক্তিযোদ্ধা তালিকায় অন্তর্ভুক্তের দাবিও জানিয়েছেন তিনি।
সোমবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সদরের বারঘরিয়া দৃষ্টিনন্দন পার্কে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব দাবির কথা জানান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলির নির্দেশদাতাদের গ্রেফতার ও রাষ্ট্রকাঠামো সংস্কারের দাবিতে এই সমাবেশের আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ সদর থানা বিএনপি।
সমাবেশে হারুনুর রশীদ বলেন, ‘অবশ্যই বাংলাদেশের মানুষ এখন সংকটময় সময় পার করছে। এই সময়ে আমাদের অত্যন্ত ধৈর্য্য এবং সহনশীলতার পরিচয় দিতে হবে। আমাদের ভুলে গেলে চলবে না কঠিন সময় পার করছি।’
তিনি বলেন, ‘শেখ হাসিনা ভারতে গিয়ে কূটচাল চালছেন। সেখানে বসে তিনি বিভিন্ন ধরনের শলা-পরামর্শ করছেন। ভারতকে পরিষ্কার বলতে চাই, তারা কি আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক রাখবে না বাংলাদেশের জনগণের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করবে? যদি ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্ক রাখতে চায় আমাদের দরজা খোলা রয়েছে। আমাদের নিকটতম প্রতিবেশি দেশের সঙ্গে অবশ্যই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই। কিন্তু ভারত যদি বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলাতে চায় তাহলে উচিত জবাব দেওয়া হবে।’
বিএনপি নেতা হারুন বলেন, ‘শেখ হাসিনা পুলিশ ও বিচার বিভাগকে নিজের মতো করে ব্যবহার করেছে। বাংলাদেশের হাজার হাজার মানুষকে হত্যা ও গুম করেছে। আইনের অপব্যবহার করেছে। বিচার বিভাগকে ব্যক্তিগত কাজে ব্যবহার করেছে। এমন করে দেশ চলতে পারে না।’
পদত্যাগী আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা করে হারুনুর রশীদ বলেন, ‘অবৈধভাবে সরকার গঠন করে গত ১৫ বছরের বেশি সময় ধরে আওয়ামী লীগ ক্ষমতার অপব্যবহার করেছে। এ সময় মানুষ রাতে শান্তিভাবে ঘুমাতে পারেনি। বিএনপির অনেক নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। শেখ হাসিনাকে এসব ঘটনায় বিচারের মুখোমুখি করতে হবে।’
এ সময় তিনি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানান।
সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষকদলের আহ্বায়ক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তসিকুল ইসলাম তসি, জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা বিএনপির সাবেক সহ-সভাপতি জাহাঙ্গীর কবির, পৌর সাংগঠনিক সম্পাদক আব্দুল বারেক, জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামিউল হক সোহেল, জেলা যুবদলের আহ্বায়ক তবিউল ইসলাম তারিফ, রানিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রহমত আলী, বিএনপি নেতা শামসুল হক, আ ক ম শহিদুল আলম বিশ্বাস পলাশ, তাসেম আলী প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post

Fashion & Beauty

Popular Posts